ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা শনিবার এক বিবৃতিতে ভোর রাত ২টায় জেলার কাউখালি উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের বাদলছড়ি গ্রাম থেকে ‘সাবেক’ দুই ইউপিডিএফ সদস্যকে নিজ বাড়ি থেকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ভোররাত ২ টার দিকে সেনা পোশাক পরিহিত একদল সশস্ত্র ব্যক্তি ৪টি সিএনজি ও ১টি মাইক্রোবাস যোগে ঘাগড়া সদর থেকে চার কিলোমিটার উত্তর-পূর্বে বাদলছড়ি গ্রামে যায় এবং সেখান থেকে রসমনি চাকমা (৪০)পীং ধন চাকমা ও সজন চাকমা (৩৫) পীং লক্ষীধন চাকমা নামে সাবেক দুই ইউপিডিএফ সদস্যকে ঘুম থেকে তুলে নিয়ে যায়। এছাড়া রসমনি চাকমার ভাই সুরমনি চাকমাকেও নিয়ে যাওয়া হয়, তবে তাকে জুনুমাছড়া শ্মশান খোলার পাশে ছেড়ে দেয়া হয়। ঘটনার পর থেকে আটককৃতদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি আরো জানান গ্রেফতারকৃতরা ১০-১২ বছর আগে পার্টির কাজে ইস্তফা দিয়ে পারিবারিক কাজে নিজেদের নিয়োজিত রাখেন। সজন চাকমা ভাড়ায় মোটর সাইকেল চালান, আর রসমনি চাকমা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। ইউপিডিএফ নেতা অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দেয়ার দাবি জানান।
ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিট এর প্রেস সেকশনের পক্ষে বিলক্ষন চাকমা গণমাধ্যমের কাছে বিবৃতিটি পাঠিয়েছেন।
