আসন্ন পবিত্র ঈদ-উল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে জমজমাট হয়ে উঠেছে কোরবানি পশুর হাট। জেলার মধ্যে মাইনীমুখ বাজারেই সবচেয়ে বড় এবং বেশি গবাদি পশু বেচা কেনা হয়ে থাকে। অন্যান্য জেলার পশু হাটের তুলনায় এই বাজারে অনেক কম মূল্যে গরু, মহিষ, ছাগল ক্রয় করা করা যায়। সে কারণে বিভিন্ন জেলার অনেক দূর দূরান্ত থেকে গরু, ছাগল ব্যবসায়ীরা হাটবারের দিন মাইনীমুখ বাজর থেকে এই সব গবাদি পশু ক্রয় করতে আসেন।
শনিবার হাটের দিন মাইনীমুখ বাজারে পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি বাদামি রঙের বেশ মোটা তাজা গরুকে ঘিরে আছে অনেক লোকজন। গরুর মালিক মাহফুজুর রহমান জানান, আজকের বাজরে এই গরুটিই সেরা। গরুটি উপজেলার কালাপাকুজ্যা এলাকার মোতালেব মিয়ার কাছ থেকে ক্রয় করে কোরবানির ঈদের বাজারে লাভের আশায় বিক্রির উদ্দেশ্যে এনেছেন। দাম হাকানো হয়েছে তিন লক্ষ টাকা। গরুর মালিক জানান ক্রেতারা দুই লক্ষ টাকা পর্যন্ত বলেছে। এই বাজারে বিক্রি না হলে আগামী সপ্তাহে হাটের দিন আবার আনতে হবে।
চট্টগ্রাম রাঙ্গুনিয়া এলাকার গরু ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন জানান, আমরা মাইনীমুখ বাজার থেকে সারা বছরই গরু ক্রয় করে রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গরু বিক্রি করে থাকি। এই এলাকার গরুগুলো বেশ হৃষ্টপুষ্ট হয় এবং কোন ভেজাল থাকে না, দামেও কম পাওয়া যায়।
আরেক গরু ব্যবসায়ী আয়ুব আলী জানান, লংগদু উপজেলায় পালিত গরু ছাগলগুলোকে বেশির ভাগ কাচা ঘাস লতা পাতা খাওয়ানো হয়ে থাকে। অন্যান্য সমতলী অঞ্চলের মত গবাদি পশু মোটাতাজাকরণ প্রতিযোগিতা এখানে নেই।
মাইনীমুখ বাজারের ইজারাদারের অংশীদার শাহাদাৎ হোসেন শিপু জানান, মাইনীমুখ বাজারে আরো দুই সপ্তাহ আগ থেকে পশুর হাট জমতে শুরু করেছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন এখানে গরু ছাগল ক্রয় করতে। এখানে গরু ছাগল বেচা-কেনা নিয়ে কেউ কখনও প্রতারণার শিকার হয়নি। এখানে ইজারার ফিঃ তুলনামুলকভাবে অনেক কম নেওয়া হয়। ব্যাবসায়ীরা স্বাচ্ছন্দ্যে গবাদি পশু ক্রয় করে এখান থেকে নিয়ে যেতে পারে।
