রাঙামাটির নানিয়ারচর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও এ্যামোনেশনসহ প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ দলের সশস্ত্র গ্রুপের সদস্য চিত্তি চাকমা ওরফে পল্লব (৩২) কে আটক করা হয়েছে।
যৌথবাহিনীর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নানিয়ারচর জোন সদর হতে যৌথবাহিনীর একটি দল নানিয়ারচর উপজেলার আওতাধীন তৈনাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। নেশাগ্রস্ত অবস্থায় চিত্তি চাকমা ওরফে পল্লবকে নিজ বাড়ি হতে আটক করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ০১টি এলজি ও ০৩ রাউন্ড এ্যামোনেশন উদ্ধার করে যৌথবাহিনী। আটক সশস্ত্র গ্রুপের সদস্য চিত্তি চাকমা ওরফে পল্লব (৩২) কে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও এ্যামোনেশনসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে পৃথক অভিযানে ইউপিডিএফ’র উচি থৈ মার্মা (১৮) ও উথোয়াই অং মারমা (২৯) নামের ০২ চাঁদা কালেক্টরকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার সকালে নানিয়ারচর জোনের যৌথবাহিনীর অভিযানে উপজেলার ঘিলাছড়ি বাজারে চাঁদা আদায়ের সময় হাতেনাতে চাঁদা আদায়ের সময় তাদের হাতেনাতে আটক করে।
এসময় আটকদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৩,৭৮৫ টাকা চাঁদা আদায়ের বই, মোবাইল এবং মানিব্যাগ, ৮৮৯ টাকা, ২টি ভিন্ন প্রকারের চাঁদা আদায়ের বই, জাতীয় পরিচয় পত্র এবং মোবাইল উদ্ধার করে যৌথবাহিনী। পরবর্তীতে উদ্ধারকৃত সরঞ্জামাদিসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।
