ট্রান্সফরমার বিস্ফোরণের পর বন্ধ রয়েছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ৬৬ বছরের পুরোনো দেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল (কেপিএম)।
কেপিএম কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার রাত পৌনে আটটায় আকস্মিক ৬৬০০ ভোল্টের লাইনের ট্রান্সফরমার বিস্ফোরণের পর থেকে পুরো কেপিএম এলাকাটি অন্ধকারাচ্ছন্ন। ২৪ ঘন্টার বেশি সময় ধরে মিল ও পুরো আবাসিক এলাকায় বিদ্যুৎ না থাকায় উঠাবসায় দিন কাটাচ্ছেন কেপিএমের প্রায় সাড়ে আটশ’ শ্রমিক কর্মকর্তা-কর্মচারী। তবে কবে নাগাদ মিলে বিদ্যুৎ সংযোগ চালু হতে পাররে তা জানাতে পারেনি মিল কর্তৃপক্ষ।
কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এমএমএ কাদের জানিয়েছেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো মিল এলাকা অন্ধকারে রয়েছে। এই ট্রান্সফরমারটি দিয়ে পিডিবির লাইনের সাথে মিলের সংযোগ। ট্রান্সফরমার বিস্ফোরণের পর আমাদের প্রায় সাড়ে আটশত জন শ্রমিক-কর্মচারি-কর্মকর্তা উঠাবসায় দিন কাটাচ্ছেন। তিনি আরও জানান, এটি সত্তর বছরের পুরোনো মিল। সত্তর পর সবকিছুই জরাজীর্ণ হয়ে আছে। আমরা চেষ্টাকরছি অন্যান্য ট্রান্সফরমার থেকে বিভিন্ন যন্ত্রাংশ লাগিয়ে এটা পুনরায় চালু করার।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশ্রাফ আহসেদ রাসেল জানিয়েছেন, ‘গতরাতে ট্রান্সফরমার বিস্ফোরণের সংবাদ আমি শুনেছি। তবে মিলের উৎপাদন বন্ধ আছে কিনা সেটা কেউ জানায়নি। ইউএনও বলেন, আমি শুনেছি তাদের (কেপিএম) নিজস্ব ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। আর কেপিএমের বিদ্যুৎ সংকট থাকলে তা তারা পিডিবি থেকে সংগ্রহ করে।’
এ ব্যাপারে কেপিএমের শ্রমিক সংগঠন ও কালেক্টিভ বার্গেনিং এজেন্টের (সিবিএ) নেতৃবৃন্দের মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
