রাঙামাটি জেলা ছাত্রলীগকে জুলাই মাসেই সম্মেলন করার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে জেলা যুবলীগ এবং শ্রমিকলীগকে সেপ্টেম্বর মাসে এবং অন্যান্য মেয়াদউত্তীর্ণ সহযোগি সংগঠনকেও এই সময়ের মধ্যে সম্মেলন বা কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকালে রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা আওয়ামীলীগের এক বিশেষ সভা থেকে এইসব নির্দেশনা দেয়া হয়। এই সময় আগামী অক্টোবর কিংবা নভেম্বরেই রাঙামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলন করার বিষয়ে নীতিহত সিদ্ধান্ত নিয়েছেন দলটির নেতারা।
এদিন অনুষ্ঠিত এই বিশেষ সভায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও জেলা কমিটির উপদেষ্টারা, পৌর ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক,সহযোগি সংগঠনগুলোর সভাপতি-সম্পাদক,নৌকা প্রতীকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মেয়রবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর। সভায় বিভিন্ন উপজেলার সভাপতি সম্পাদক ছাড়াও বক্তব্য রাখেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান,কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমানসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় দলটি সুসংগঠিত করতে নানান পরামর্শ এবং সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে সফলভাবে সম্মেলন আয়োজনে দৃঢ় পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন বক্তারা।
সভায় জেলা ছাত্রলীগকে জুলাই মাসেই সম্মেলন শেষ করার নির্দেশ দেয়া হলে ছাত্রলীগের দুই শীর্ষ নেতা তাতে সম্মতি দেন। অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারাও নির্ধারিত সময়ে সম্মেলন শেষ করবেন বলে সভাকে অবহিত করেন।
বিকাল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিশেষ সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সভায় অংশ নেয়া বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা।
যোগাযোগ করা হলে,রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন, যেহেতু আগষ্ট মাসে আমরা সম্মেলন করতে পারিনা তাই আওয়ামীলীগের সম্মেলন হবে অক্টোবর বা নভেম্বর মাসে। ছাত্রলীগের সম্মেলন হবে জুলাই মাসে। যুবলীগ ও শ্রমিকলীগের সম্মেলন হবে সেপ্টেম্বর মাসে। কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা অনুসারে আমরা এইসব সিদ্ধান্ত নিয়েছি।
