৫ম উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির লংগদুতে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্বভার গ্রহণ করেছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, নুরজাহান বেগম, নবাগত চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আনোয়ারা বেগম, ওসি রঞ্জন কুমার সামন্ত, ইউপি চেয়ারম্যান আবু নাছির, প্রেসক্লাব সভাপতি এখলাস মিঞা খান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যানরা বিগত দিনের তুলনায় আগামীতে আরো বেশি এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলাকার মাদক, চাঁদাবাজি, বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সহযোগিতা চেয়েছেন নবাগত জনপ্রতিনিধিরা। সহযোগিতা পেলে একটি আদর্শ উপজেলা পরিষদ গঠনে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যানরা।
অনুষ্ঠানে নবাগত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী চেয়ারম্যানদের সম্মানণা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়। এরপর নবাগত চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে ৫ম উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
