বিশ্ব ম্যালেরিয়া দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘আমিই করব ম্যালেরিয়া নির্মূল’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটির লংগদুতে র্যালি ও আলোচনা সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক।
ব্রাক কর্মকর্তা মহিউদ্দীন মহিনের সঞ্চালনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অরবিন্দ চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন,‘ বর্তমানে দেশে ম্যালেরিয়ার প্রকোপ এবং ঝুঁকি দুটাই অনেক কমে গেছে। পার্বত্য অঞ্চলে মাঝে মধ্যে কিছু ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সন্ধান পেলেও তা অতীতের তুলনায় অনেক কম। এরপরও আমাদের নিজেদেরকে ম্যালেরিয়া নির্মূলে সচেতন হতে হবে। বসতবাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিস্কার রাখতে হবে এবং অবশ্যই ঘুমানোর সময় মশারি টানাতে হবে। ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করা হবে।’
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, লংগদু থানা পুলিশের কর্মকর্তা এসআই আবুল কালাম, সাংবাদিক এখলাস মিঞা খান, ব্রাক স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপক মনির হোসেন সিদ্দিকী প্রমূখ। এসময় লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদ রেজা, সমাজসেবক মনিশংকর চাকমা, সাংবাদিক ওমর ফারুক মুছাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, এনজিও কর্মী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলো।
