বাঘাইছড়ি উপজেলার সদরে মিয়ানমারের অবৈধ সিগারেট বহনকারী কালো বরণ চাকমাকে আটক করে পরে আবার ছেড়ে দিয়েছে বাঘাইছড়ি থানার পুলিশ। সে খেদারমার ইউনিয়নে শান্ত কুমারের ছেলে।
স্থানীয়রা জানায়, কালো বরণ সকালে মিয়ানমারের ১২ কার্টুন সিগারেট বিক্রির জন্য উপজেলার সদরে আসে। তিনি দীর্ঘ দিন ধরে এই অবৈধ সিগারেট বিক্রি করে আসছে বিভিন্ন এলাকায়। এলাকাগুলো হলো সারোয়াতলী ইউনিয়ন, বাঘাইছড়ি ইউনিয়ন, বঙ্গলতলী ইউনিয়ন, খেদারমার এলাকায় বিক্রি হচ্ছে। মিয়ানমারের সিগারেট দাম কম হওয়াই ক্ষতির মুখে পড়েছে দেশীয় কোম্পানিগুলো।
বাঘাইছড়ি পরিবেশক সমিতির সভাপতি আবদুল মাবুদ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের এখানে বেশ কয়েকটি সিগারেট এজেন্ট রয়েছে। আমাদের তথ্য অনুযায়ী অবৈধভাবে মিয়ানমারের এই সিগারেট বিক্রির কারণে সরকার প্রতিমাসে সাড়ে চার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
বাঘাইছড়ি থানার ওসি(তদন্ত) জাহাঙ্গীর সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, মিয়ানমারের অবৈধ সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছিলাম। এই সিগারেটগুলো বাজারের বিভিন্ন এলাকায় পাওয়া যায় বিধায় আমরা তাকে ছেড়ে দিয়েছি। অবৈধ সিগারেট পাওয়ার পর কেন ছেড়ে দিয়েছেন জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
