রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় মামলা হয়েছে।
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা কমিটির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমাকে প্রধান আসামী করে এবং দলটির আরো ২০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মনির হোসেন। শুক্রবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো: পারভেজ আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে নয়,দলের পক্ষ থেকেই মামলাটি করা হয়েছে,একজন তার দলীয় সহকর্মীই মামলাটি করেছেন। এখন আইন তার নিজস্ব গতিতেই চলবে।
প্রসঙ্গত, ১৯ মার্চ সকালে নির্বাচনের কাজ শেষে উপজেলার ফারুয়ার গ্রামের বাড়ি থেকে সপরিবারে বিলাইছড়ি ফেরার পথে আলিখিয়ং এলাকায় একদশ সশস্ত্র সন্ত্রাসী সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে বহনকারি ইঞ্জিনচালিত বোটটি থামিয়ে তাকে বুকে ও কপালে গুলি করে হত্যা করে। এই হত্যাকান্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ি করে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ ও হত্যাকারিদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ।
