‘বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য আওয়ামীলীগের নেতারা যে নির্দেশ দিয়েছিলো, সেই নির্দেশনা তো এখনো প্রত্যাহার করেনি,তাই আমরা কি করে ভোটকেন্দ্রে যাই !’- ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম।
তিনি জানিয়েছেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা করা হয়েছে,মামলা দিয়ে হয়রানি করা হয়েছে,আমাদের নেত্রীকে বিনা অপরাধে কারাবন্দী করে রাখা হয়েছে,তাতে আমাদের নেতাকর্মীদের এমনিতেই মন খারাপ,তাই এই উপজেলা নির্বাচনে আমরা অংশও নিচ্ছিনা,আমাদের আগ্রহও নাই।’
কোন প্রার্থীকে সমর্থন দিবেন কিংবা দিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে শাহ আলম বলেন, ‘যেহেতু আমরা নির্বাচন করছি না,আমাদের কোন প্রার্থীও নেই, আমরা কাউকে সমর্থনও করছি না।’ কে কি বলছে,এসবে কান না দেয়া পরামর্শ দিয়ে জেলা বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘ কোন প্রার্থীর পক্ষে বা বিপক্ষে আমাদের কোন অবস্থান নেই। এই নির্বাচন নিয়ে কোন আগ্রহও নেই।’
বিএনপির নেতাকর্মীরা ভোটকেন্দ্রে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, যে কেউ চাইলে যেতেও পারে,নাও যেতে পারে,ভোট দিতেও পারে,নাও দিতে পারে। এই বিষয়ে কোন নির্দেশনা আমরা দেইনি,দিবও না। যে যার ব্যক্তিগত আগ্রহ বা ইচ্ছায় চাইলে ভোট দিতে পারে,নাও দিতে পারে।’
