ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাঘাইছড়িতে সংস্কারবাদী জেএসএস ‘সন্ত্রাসী’ কর্তৃক ইউপিডএফ সংগঠক উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কেধন (৪০)-কে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আজ ( বৃহস্পতিবার) সকাল সোয়া ১১টার দিকে সাংগঠনিক কাজে যাবার পথে উপজেলার বঙ্গলতলী ইউপি’র বি-ব্লক এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা সংস্কারবাদী জেএসএস-এর একদল সশস্ত্র সন্ত্রাসী উদয় বিকাশ চাকমার ওপর ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যার শিকার উদয় বিকাশ চাকমা বঙ্গলতলী বি-ব্লক গ্রামের শশধর চাকমার ছেলে। তিনি বঙ্গলতলী ইউনিয়নের প্রাক্তন মেম্বার ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন শেষে ইউপিডিএফ-এ যোগদান করে সংগঠকের দায়িত্ব পালন করছিলেন।
বিবৃতিতে উদয় বিকাশ চাকমাকে হত্যার ঘটনাকে অত্যন্ত ‘ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত’ উল্লেখ করে ইউপিডিএফ নেতা বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনকে ধ্বংস করার জন্য ‘সরকারের একটি কায়েমী স্বার্থবাদী মহলের প্রত্যক্ষ মদদে সংস্কারবাদী জেএসএস স্বাধীনতা যুদ্ধের সময়কালের পাকিস্তানি হানাদার বাহিনীর সৃষ্ট রাজাকার-আলবদর বাহিনীর মতো আন্দোলনকারীদের হত্যা করছে।
তিনি সরকার, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সংস্কারবাদী জেএসএস সন্ত্রসীরা নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের আশে-পাশে সশস্ত্রভাবে অবস্থান করে একের পর এক খুন, অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- চালালেও তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। উপরন্তু প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে এসব সন্ত্রাসী কর্মকা- চালাতে তাদের উৎসাহিত করা হচ্ছে, যা চরম উদ্বেগজনক ও নিন্দনীয়।
বিবৃতিতে তিনি অবিলম্বে উদয় বিকাশ চাকমার খুনী সংস্কারবাদী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিবৃতি পাঠানো হয়েছে।
Previous Articleবাঘাইছড়িতে ইউপিডিএফ নেতাকে হত্যা
Next Article বান্দরবানে রাজপূণ্যাহ উৎসব শুরু
