বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটিতে ‘নিরাপদ বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর উদ্যোগে রাঙামাটি শহরের হোটেল সুফিয়া ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, এফসিএমএ। এতে বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঈন উদ্দিন, রাঙামাটি চেম্বার অব কর্মাসের সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া।
‘নিরাপদ বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ক এ কর্মশালায় আইএসএল ইনফরমেশন এন্ড ফিন্যান্সিয়াল লিটারেসি সেন্টার রাঙামাটি অফিসের ইনচার্জ আল মনসুর চৌধুরী ও এসিস্ট্যান্ট ইনচার্জ মোঃ বেলাল হোসেনসহ রাঙামাটির বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপকগণ ও জেলা পর্যায়ের বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান আলোচক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘পুঁজিবাজার ও ব্যাংকিং ব্যবস্থা একে-অন্যের পরিপূরক। আমাদের পুঁজি বাজারে বিনিয়োগ করতে হলে নিরাপদভাবে বিনিয়োগ করতে হবে। পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমেই দেশিয় শিল্পের উন্নয়ন ও বিকাশ ঘটবে।’
এর আগে সকালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বিনিয়োগ শিক্ষা ও সঞ্চয়ের প্রাথমিক ধারণার বিষয়ে এক কর্মশালায় অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
