পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে নাগরিক সংবর্ধনা দিয়েছে ব্যবসায়ীরা। শনিবার সকালে বান্দরবান বাজার মসজিদের সামনে ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ষষ্ঠবারের মত নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বিভিন্ন ব্যবসায়ী সমিতি এবং সংগঠনের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পৌরসভার মেয়র মো: ইসলাম বেবী, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবদ্দুল কুদ্দুস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর, মুদির দোকান ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাধারণ সম্পাদক মো: আবু ছালেহ চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ষষ্ঠবারের মত জনগন আমায় ভোট দিয়ে নির্বাচিত করেছে। পাহাড়ের মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াতে এবং পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করতে প্রধানমন্ত্রী আমায় পার্বত্য মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করবো, কাজের মাধ্যমে সকলের বিশ্বাস এবং আস্থার প্রতিফলন ঘটাতে। মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, শুধু লাভের আশায় ব্যবসা করলে চলবে না, গ্রাহকদের সেবার বিষয়টি নিশ্চিত করতে হবে। বান্দরবানের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। তাই এখানে নেই কোনও হানাহানি। অন্য সকল জেলার চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসাবে বান্দরবানের বেশ সুনাম রয়েছে। বিশ্বব্যাপী পর্যটন সম্ভাবনাময় বান্দরবানের সৌন্দর্য এবং সম্প্রীতি ছড়িয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
