একটি ঘটনা দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা যায় না, এটি সার্বিক বিষয়। সার্বিকভাবে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি মঙ্গলবার রাঙামাটির পুলিশ লাইন সুখীনীলগঞ্জে নব নির্মিত জেলা পুলিশের অস্ত্রগার, তিনটি উপজেলা থানা ভবন ও একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের এই কথা বলেন।
তিনি বলেন, ক্রাইম স্ট্যাটিস্টিক্স পর্যালোচনা করলে দেখা যায় সম্প্রতিকালে মধ্যে আইন-শৃঙ্খলা সবচে স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। পাহাড়ে সার্বিক পরিস্থিতি মোকাবেলায় অবকাঠামোগত কিছুটা প্রবলেম আছে স্বীকার করে পুলিশ প্রধান বলেন, পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য আমরা জোর দিচ্ছি। যে দুর্বলতা রয়েছে, তা কাটিয়ে উঠার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের সে বিষয়ে সহযোগিতা দিয়ে যাচ্ছে। আর জনবল বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সামনেই আরো ৫০ হাজার পুলিশ সদস্য নেয়া হবে। নিয়োগের পর পার্বত্য এলাকায়ও জনবল বৃদ্ধি পাবে।
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এখানে কিছু হতাহতের ঘটনা ঘটেছে, এতে নিশ্চিত হওয়া যায় যে এখানে অবৈধ আমর্স রয়েছে। এসব অবৈধ আমর্স উদ্ধারে আমরা অন্যান্য বাহিনীর সাথে বসে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছি। অচিরেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নব নির্মিত জেলা পুলিশের অস্ত্রগার, তিনটি উপজেলা থানা ভবন ও একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর তিনি জেলা পুলিশ কল্যাণ সমিতির সভায় যোগ দেন। রাতে তিনি পুলিশের ব্যবস্থাপনায় পরিচালিত পলওয়েল পার্কে নৈশ ভোজে যোগ দেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
