খাগড়াছড়ির পানছড়িতে রনি ত্রিপুরা (৩২) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানছড়ি উপজেলা সদরের শুকতারা বোর্ডিংয়ের পাশে এ ঘটনা ঘটে।
রনি ত্রিপুরা পানছড়ির মরাটিলা এলাকার মৃত মনিন্দ্র লাল ত্রিপুরার ছেলে। সে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) কর্মী।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পানছড়ি বাজারে যাওয়ার সময় শুকতারা বোর্ডিংয়ের সামনে গেলে কতিপয় অজ্ঞাত সন্ত্রাসী রনি ত্রিপুরাকে গুলি করে পালিয়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গুলিবিদ্ধ রনি ত্রিপুরাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো: আরিফুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন রনি ত্রিপুরার কোমরের বাম পাশে গুলিবিদ্ধ হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা এ হ্যতাকান্ডের জন্য পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ-কে দায়ী করে করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ‘র সংগঠক মাইকেল চাকমা।
পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।