কাপ্তাইয়ের রাইখালীতে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত দুইজনকে ‘নিজেদের কর্মী’ দাবি করে মঙ্গলবার অর্ধদিবস অবরোধ ও প্রতিবাদ সভা করেছে আওয়ামীলীগ। এ সময় ভাল্লুক্যায় পুলিশ ক্যাম্প স্থাপন ও দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে এ অবরোধ এবং সমাবেশের ডাক দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাইখালী ইউনিয়ন লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ তালুকদার জানান, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের দু’জন কর্মী নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ভাল্লুক্যায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। অবরোধ চলাকালীন রাইখালী-রাজস্থলী ও রাইখালী- বান্দরবান সড়কে কোন যানবাহন চলাচল করেনি।
অবরোধ কর্মসূচি চলাকালীন রাইখালী মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াই চিং মং মারমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মংক্য মারমা, সাধারণ সম্পাদক ইউছুপ তালুকদার প্রমুখ। এ সময় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।