আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে রাঙামাটির চার উপজেলায় একক প্রার্থী চূড়ান্ত করেছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ। সংশ্লিষ্ট উপজেলাগুলো থেকেও একক প্রার্থীর নাম আসায় বিষয়টি নিজেদের জন্য সহজ হয়ে গেছে বলে জানিয়েছে রাঙামাটি আওয়ামীলীগ। যে চারটি উপজেলায় একক প্রার্থী দিচ্ছে আওয়ামীলীগ,তা হলো কাউখালীতে সামশুদ্দোহা চৌধুরী,বিলাইছড়িতে জয়সেন তংচঙ্গ্যা,বরকলে সবীর কুমার চাকমা ও জুরাছড়িতে রূপ কুমার চাকমা। প্রথমদিকে জনসংহতি সমিতির প্রভাবিত উপজেলা হিসেবে পরিচিত বরকল ও জুরাছড়িতে নিজেদের প্রার্থী না দেয়ার তথ্য জানালেও পরে এই দুটি উপজেলায় প্রার্থীতা দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল। এই চারটি উপজেলার বাইরে বাঘাইছড়ি ও নানিয়ারচরে প্রার্থী দিচ্ছেনা তারা। ধারণা করা হচ্ছে,এই দুই উপজেলায় জনসংহতি সমিতি( এমএনলারমা)কে কৌশলগত ছাড় দিচ্ছে তারা। কারণ সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই উপজেলায় এই দলটি আওয়ামীলীগ ও নৌকা প্রতীকের পক্ষে সর্বাত্মকভাবে কাজ করেছিলো।
অন্যদিকে রাঙামাটি সদরে ২ জন,লংগদুতে ৫ জন,রাজস্থলীতে ৫ জন,কাপ্তাইয়ে ৭ জন নেতা নৌকার মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলা চেয়ারম্যানদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদেও দলের সমর্থন পেতে চেষ্টা চালাচ্ছেন অনেকেই। তবে আওয়ামীলীগের কেন্দ্র থেকে ইতোমধ্যেই ভাইস চেয়ারম্যানদের দলীয় মনোনয়ন না দেয়ার বিষয়টি জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
ইতোমধ্যেই দলীয় প্রার্থীতা চূড়ান্ত করতে নিজেদের প্রার্থীদের তালিকা নিয়ে ঢাকায় অবস্থান করছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর জানিয়েছেন, আমরা প্রাথমিক তালিকা কেন্দ্রে দিয়েছি,তারা যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। আমি নিজেও এখন ঢাকায় আছি।
